বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
Breaking News
ইতিহাস, গণমাধ্যম, সালমান মুক্তাদিরের স্টুডিও, বিএনপিকে ঘিরে অভিযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিবিসির এন্ড্র গিলিগান বনাম টনি ব্লেয়ারের সরকার! • ভারতে বাংলাদেশের আকাশ-মহড়া: রাষ্ট্রের হিসাব! • নওগাঁয় ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার • সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ • ব্যাগে মিলল নারীর ৪ টুকরো পা-বিহীন লাশ • ফোন করে ডেকে নিয়ে শ্রমিককে দিনদুপুরে গুলি করে হত্যা • ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক গ্রেফতার • দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ • হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন • ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ
স্ট্রেইট ডায়লগ "বাধনকে মারলো, বনি আমীনকে মারলো—আপনি কিছু বলেন না কেন?"

"বাধনকে মারলো, বনি আমীনকে মারলো—আপনি কিছু বলেন না কেন?"

আমাকে নিয়ে মানুষের স্তুতির যেমন শেষ নেই, তেমনি নিন্দারও কমতি নেই। কেউ ছায়ায় দাঁড়িয়ে আমায় বলেন স্বৈরাচারের দোসর, কেউবা আবার আলোর নিচে ডেকে বলেন চেতনার ব্যবসায়ী। আমি এই মেকি কোলাহলের পিঠে কোনো কথা বলি না। তবে দিনশেষে যখন একা দাঁড়াই, নিজেকে একজন সৎ ও মেরুদণ্ডসম্পন্ন মানুষ ভাবতে বড্ড ভালো লাগে। আর এর পরম প্রাপ্তিটুকু ধরা পড়ে তখন, যখন দূর পরবাসে—লন্ডন, স্পেন, প্যারিস-ইটালী-জার্মানী কিংবা পর্তুগালের লিসবনের ধূসর রাজপথে হেঁটে যাওয়ার সময় অচেনা মানুষগুলো আচমকা থমকে দাঁড়িয়ে পরম শ্রদ্ধায় সালাম ঠুকে দেয়। বুকভরা এই সম্মানটুকুই আমার পুঞ্জীভূত সাহস—কারণ আমি কালও সত্য বলেছি, আজও সত্যটাই বলি। ভবিষ্যতেও বলে যাব ইনশাআল্লাহ।
আজ যারা ক্ষমতার নতুন মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বুলি আওড়াচ্ছেন, তারা হয়তো ইতিহাসের পাতা থেকে ভুলে গেছেন—যখন শেখ হাসিনা সরকারের অনাচার আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলা বারণ ছিল, তখন এই বহিঃবিশ্বে আমিই প্রথম বুক চিতিয়ে প্রতিবাদের প্রথম তীরটি ছুঁড়েছিলাম। এর মাঝে বুড়িগঙ্গার অনেক জল বঙ্গোপসাগরের বুক ছুঁয়ে আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে হারিয়ে গেছে। সময়ের এই ক্ষিপ্র আবর্তে আজ রাতারাতি কেউ বনে গেছেন জুলাই-যোদ্ধা, কেউবা সেজেছেন ছদ্মবেশী নিপুণ নকশাকার (মেটিকুলাস ডিজাইনার)! কিন্তু আমি একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে কালও অন্যায়ের বিপরীতে দাঁড়িয়েছি, আজও দাঁড়িয়ে আছি অবিকল।

এই আপসহীন সত্যের কারণেই হয়তো সুবিধাবাদীদের সাথে আমার সমীকরণ কখনো মেলে না। আমি যেভাবে বুক পেতে সত্যকে খুঁজি, অন্ধ চাটুকাররা সেভাবে ভাবতে পারে না। আমি যেমন গুম আর খুনের পৈশাচিকতার বিরুদ্ধে তীব্র সোচ্চার, ঠিক তেমনই ‘ডিপ স্টেটের’ নোংরা তল্পিবাহক হয়ে যারা আজ টাকার বিনিময়ে নিজেদের বিবেক বন্ধক রেখেছে, তাদেরকে আমি মন থেকে চরম ঘৃণা করি।
আমার কলম এবং আমার অবস্থান সব সময় ন্যায়ের পক্ষে অবিচল:

* আমি শেখ হাসিনার স্বৈরাচারী শাসন, বেনজীর আর হারুনদের রক্তচক্ষু ও অত্যাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছি।
* ঠিক সমান ক্ষোভে, যারা এই দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করে আনন্দ পায়, যাদের ধৃষ্টতা এতোটাই বাড়ে যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে উল্লাস করে—তাদেরকে আমি তীব্রভাবে বয়কট করি, ঘৃণা করি।
* আমি যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তাঁর স্মৃতিবিজড়িত ঘর থেকে উচ্ছেদ করার নির্মমতায় কষ্ট পেয়েছি- প্রতিবাদ করেছি।
* ঠিক সমান তীব্রতায়, ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাড়ি ভাঙচুরের মতো চরম অন্ধ প্রতিহিংসার বিরুদ্ধেও আমার কণ্ঠকে সোচ্চার রেখেছি।
* আমি যেমন বনি আমীনের ওপর হওয়া শারীরিক নির্যাতনের বিরুদ্ধে জলদগম্ভীর আওয়াজ তুলি, ঠিক তেমনই সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম সাহেবকে সুপরিকল্পিতভাবে অপদস্ত করার নোংরা ও কলুষিত রাজনীতির মুখেও থুথু ফেলি।

আজ অন্তরের গভীর ক্ষোভ থেকে জানতে ইচ্ছে করে—আমরা কি শেখ হাসিনার দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছি এই নতুন মোড়কের ‘ফাইজলামি’ আর ক্ষমতার নগ্ন সার্কাস দেখার জন্য?

আমরা এ সমাজে আর কোনো মুখোশধারীদের ফাইজলামি চাই না, কোনো নোংরা গালাগালি আর অন্ধ প্রতিহিংসার পুনরাবৃত্তি চাই না। আমরা একটি শান্ত, সুন্দর ও নিরাপদ সমাজ ব্যবস্থা চাই—যে সমাজে আমি, আপনি এবং আমাদের আগামী প্রজন্ম বুক ভরে স্বাধীন বাতাসে শ্বাস নিয়ে সুখে-শান্তিতে বাঁচতে পারবে। প্রতিহিংসামুক্ত, সাম্য ও পরম ন্যায়ের এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠুক—একজন কলমসৈনিক হিসেবে, একজন মানুষ হিসেবে এটাই আমার জীবনের শেষ প্রার্থনা।

বিশেষ সংযোজন ও আমার আকুল আরজি:
একটি কথা আজ খুব স্পষ্ট করে বলতে চাই—ডক্টর ইউনূস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সময়ে দেশে যে পৈশাচিক 'মব জাস্টিস' বা গণপিটুনির সংস্কৃতি আমরা দেখছি, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিছু ইতর ও নীচ প্রকৃতির মানুষ কথার পিঠে কথা পেলেই মানুষের ওপর মধ্যযুগীয় কায়দায় অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। আমরা কি এই আদিম বর্বরতা থেকে কোনোদিনই বেরিয়ে আসতে পারব না?

সবচেয়ে অবাক এবং দুঃখজনক বিষয় হলো—বাংলাদেশে যখন এই মব কালচার চলে, তখন অনেকেই ভয়ে মুখে কুলুপ এঁটে বসে থাকেন, কেউ কোনো কথা বলেন না। আর দুঃখের বিষয়, লন্ডনে কিংবা ইতালিতে বসে কিছু মানুষ উল্টো এই মব জাস্টিসকে দূর থেকে উসকানি দেন, মবদের উৎসাহিত করেন! কেন রে ভাই? মব কালচার কি কোনো সভ্য সমাজের জন্য ভালো হতে পারে?
আমি জানি না এই অন্ধকারের শেষ কোথায়! শেষ হয়তো একদিন হবে। কিন্তু আমার ভয় হয়, এই প্রতিহিংসার শেষ পরিণতি যেন আমাদের প্রিয় মাতৃভূমিকে কোনো এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে না দেয়! ইতালি কিংবা পৃথিবীর যেখানে বসেই যারা এই ধরনের ধ্বংসাত্মক ঘটনার পরামর্শ দিচ্ছেন বা উসকানি দিচ্ছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ—দয়া করে এসব আত্মঘাতী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। মারামারি, হাহাকার আর রক্তপাত কখনো কোনো সমস্যার স্থায়ী সমাধান করতে পারে না। যদি দেশকে বাঁচাতে হয়, তবে হিংসা ভুলে আলোচনার টেবিলে বসে সিদ্ধান্ত নিতে হবে যে, আগামী দিনে দেশটা আসলে কীভাবে চলবে।

------------------------------
লেখক রেজা আহমদ ফয়সল চৌধুরী

* সভাপতি, ইউকে বাংলা প্রেস ক্লাব
* ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল ইউরোপ বাংলা ও ইংলিশ আইপিটিভি
* তারিখ: ০9/০৯/২০২৬ ইংরেজি