নগরীর দৌলতপুরে দিনদুপুরে খুলনা-যশোর মহাসড়কের পাশে জলিল মুনশি (৪৫) নামে এক পাটকল শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুধু তাই নয়, কিলিং মিশন বাস্তবায়নের প্রায় এক ঘণ্টা পর নিহতের মোবাইল ফোনে কল করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় সন্ত্রাসীরা। একই সঙ্গে নিহতের একমাত্র ছেলেকেও মেরে ফেলার হুমকি দেয় তারা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান মোড়ের অদূরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘাতকদের চিহ্নিত করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জলিল মুনশি পাটকলে কাজের পাশাপাশি কুলিবাগান মোড়ে তার বাবার পানের দোকানে সময় দিতেন। শনিবার সকালে তিনি বাড়িতে ঘুমাচ্ছিলেন। সকাল ৮টার দিকে তাকে মোবাইল ফোনে কল করে বাইরে নেওয়া হয়। এরপর দুটি মোটরসাইকেলে আসা একদল সন্ত্রাসী জলিলকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালিয়ে মহাসড়কের পাশেই ফেলে রেখে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর দাবি, জলিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর নিহতের ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল আসে। ফোনটি ধরেন নিহতের ছেলে মোহাম্মদ রাফি। ওপাশ থেকে এক ‘সন্ত্রাসী’ তার বাবার মৃত্যুর বিষয়টি জানতে চায়।
নিহত জলিলের ছেলে মোহাম্মদ রাফি যুগান্তরকে বলেন, আব্বুকে গুলি করার পর একজন ‘সন্ত্রাসী’ ফোন করে আব্বু মারা গেছে কিনা- জানতে চায়। আমি যখন বলি হ্যাঁ মারা গেছে, তখন সে আমাকে বলে—'তোকে পেলেও খবর আছে।' সে আরও বলে, 'আমি খুলনার বাইরে আছি, পুলিশ পারলে আমাকে ধরুক।'
স্থানীয়দের অভিযোগ, ইতোপূর্বেও একাধিক হত্যাকাণ্ড ও অপরাধের সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটিয়েছে। কিছুদিন আগে নিহতের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়া কিংবা পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কেএমপির দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএফএম জাহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় পাশেই পুলিশ ছিল। গুলির শব্দ পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে সন্ত্রাসীদের তাড়া করলেও তাদের ধরা সম্ভব হয়নি। তবে ঘাতকদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর পুলিশি অভিযান চলছে।