বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
Breaking News
ইতিহাস, গণমাধ্যম, সালমান মুক্তাদিরের স্টুডিও, বিএনপিকে ঘিরে অভিযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিবিসির এন্ড্র গিলিগান বনাম টনি ব্লেয়ারের সরকার! • ভারতে বাংলাদেশের আকাশ-মহড়া: রাষ্ট্রের হিসাব! • নওগাঁয় ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার • সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ • ব্যাগে মিলল নারীর ৪ টুকরো পা-বিহীন লাশ • ফোন করে ডেকে নিয়ে শ্রমিককে দিনদুপুরে গুলি করে হত্যা • ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক গ্রেফতার • দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ • হুথিদের ওপর নিখুঁত ড্রোন হামলা চালালো ইয়েমেন • ইংল্যান্ডে পাকিস্তান দল হোয়াইটওয়াশ
সারাদেশ নবীনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতা গ্রেফতার

নবীনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নবীনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার সোহেল মিয়া উপজেলার ৭নং নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের ফতেহপুর গ্রামের মো. মোখলেছুর রহমান ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর নবীনগর-রাধিকা সড়কের কনিকারা সেতুর পূর্ব পাশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

ওই সময় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে মো. রাজিব (৩২) ও মো. জামাল হোসেন (৪২) নামে দুইজনকে আটক করে। একই সাথে ঘটনাস্থল থেকে ১৫টি বাঁশের লাঠি ও ২২টি ইটের টুকরা জব্দ করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ৬ ডিসেম্বর নবীনগর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর (সংশোধনী ২০১৩) ৬, ১০, ১১ ও ১২ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত প্রক্রিয়ায় সোহেল মিয়ার জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মো. আজাদুল ইসলাম আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, সোহেল মিয়া এলাকায় রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিলেন। জামিনে মুক্তি পেলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে তদন্ত ও বিচার কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারেন। তাই মামলার তদন্ত কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখার আর্জি জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে নবীনগর বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’